ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৪ জুন চকরিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী : চলছে প্রস্তুতি

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুন ৫, ২০২৬, ০৮:৩৫ পিএম ১৪ জুন চকরিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী : চলছে প্রস্তুতি

আগামী ১৪ জুন রোববার কক্সবাজারের চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 তাঁর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ।

গত কাল শুক্রবার সকাল দশটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়া পৌঁছে  কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সাথে নিয়ে চকরিয়া পৌরসভার বাসটার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা এবং মাতামুহুরি উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য বিবেচিত এলাকা ঘুরে ফিরে দেখেন।

এসময় চকরিয়া উপজেলা ও মাতামুহুরী উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহিন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান পিপিএম, চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনারসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ার জনসভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উল্লেখ্য, আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সম্ভাব্য সফরসূচীর মধ্যে রয়েছে, এদিন সকাল ১১টায় ডুলাহাজারা সাফারী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। 
এরপর তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা  হয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত। পরে পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তরে ফলক উম্মোচন। দুপুরে সাঈদ ম্যানশনে অবস্থান ও দুপুরের খাবার গ্রহণ করবেন।

বিকালে তিনি চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মাঝপথে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করবেন। 
একইদিন বিকাল ৪ টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং সেখানে রাত্রি যাপন করবেন। পরদিন ১৫ জুন সোমবার সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারে সুধিজনের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কর্মসুচিতে সাথে থাকবেন চকরিয়া পেকুয়া (কক্সবাজার-১)  আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

কালের সমাজ/কে.পি
 

Link copied!