ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুন ৫, ২০২৬, ১০:৫৪ পিএম সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে ফয়জুল মিয়া (৫৫) নিহত হওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) নিহত ফয়জুল মিয়ার মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সজিব আহম্মেদ, মো. উজ্জল, শাফায়েত, মো. রমজান, মো. মামুন, মো. মনির, মো. হানিফ, রকি ও আনিসকে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় ছগির আহম্মেদের ছেলে সজিব আহম্মেদ, ইসমাইল মিয়ার ছেলে রকি এবং মনির হোসেনের অংশীদারত্বে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্র পরিচালিত হয়ে আসছিল। মাদকাসক্ত স্বজনদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আশায় পরিবারের সদস্যরা অর্থের বিনিময়ে সেখানে ভর্তি করতেন। তবে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে রোগীদের ওপর অমানবিক নির্যাতন ও মারধরের অভিযোগ ছিল।

নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন মাসুদ নামের এক ব্যক্তি জানান, সেখানে থাকা রোগীদের প্রায়ই মারধর করা হতো। ঘটনার দিন নিহত ফয়জুল মিয়াসহ অন্তত ১২ জনকে বেধড়ক পেটানো হয়। তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম বলেন, স্বামীকে মাদকের আসক্তি থেকে মুক্ত করতে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলাম।

ঈদের পরদিনও তাঁকে খাবার দিয়ে এসেছি। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে।” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর নিরাময় কেন্দ্রটি বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার সজিব আহম্মেদ ও রকি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। সোনারগাঁ থানার (ওসি) গোলাম সারোয়ার বলেন, “এ ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ফয়জুল মিয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে তাঁকে হাসপাতালে রেখে কেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!