কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুলিয়ারচর ও সরারচর ওয়ালটন প্লাজার আয়োজনে অসহায়, নিম্নআয়ের ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে অবস্থিত ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজন করা হয়। ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকদের পাশাপাশি স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সারাদেশব্যাপী আয়োজিত এ চিকিৎসাসেবা কার্যক্রমের ভার্চ্যুয়াল উদ্বোধন করেন এস এম মাহবুবুল আলম এবং মোহাম্মদ রায়হান। এ সময় কুলিয়ারচর ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক পলাশ বিশ্বাস, সরারচর ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক জাহাঙ্গীর খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পলাশ বিশ্বাস বলেন, ওয়ালটন শুধু পণ্য উৎপাদন ও বিপণনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
কালের সমাজ/কে.পি

