উত্তরাঞ্চলের বৃহৎ সপিংমল নীলফামারীর সৈয়দপুর প্লাজার দুই ব্যবসায়ীর চুরি যাওয়া মালামালের ক্ষতিপূরণের আদায়ে শনিবার রাতে সংবাদ সম্মেলন হয়েছে।
সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আহাদ আহমেদ ও মোঃ আসিফ খান টিপু।
এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, গত ১৫ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮টা ২৯ মিনিট থেকে ৮টা ৫২ মিনিটের মধ্যে সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধষ চুরি হয়। চোরেরা ইনফিনিক্স সেল পয়েন্ট থেকে ৮৫টি অ্যানড্রোয়েড স্মার্টফোন ও বিদ্যুৎ জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ রুপার অলংকার নিয়ে যায়। চুরি যাওয়া এসব মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
ওই দুই ব্যবসায়ী আরো অভিযোগ করে বলেন, মার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান এসআর ট্রেডিংয়ের চেয়ারম্যান শামসুল হক ভুইয়া ও ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল নাফিস ঘটনা ঘটার ছয়দিন পেরিয়ে গেলেও আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। মার্কেট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত সার্ভিস চার্জ নেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি। বহুতল বিশিষ্ট সুপারমল পাহাড়া দেয়ার জন্য প্রশিক্ষিত কোনো বাহিনীর লোককে নিরাপত্তার দায়িত্বে রাখেনি। নামকাওয়াস্তে সামান্য বেতনে বয়োবৃদ্ধ মানুষদের দিয়ে নৈশপ্রহরীর কাজ করানো হয়। দুর্বল নিরাপত্তার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল চুরি গেছে। সে কারণে মার্কেট পরিচালানাকারী কর্তৃপক্ষকেই আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তারা আরো বলেন, দোকান চুরি হয়ে যাওয়ায় আমরা পথে বসে পড়েছি। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে আমরা ব্যবসা করি। এমন অবস্থায় পাওনাদারদের হাত থেকে রেহাই পাওয়ার কোনো পথ খোলা নেই। এজন্য ঘটনার দায়ি প্লাজা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি করছি। ওই ব্যবসায়ীদ্বয় আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের হাতে তুলে দেয়ার পরও পুলিশ প্রশাসন দীর্ঘদিনেও অপরাধী সনাক্ত করতে পারেনি। এমনকি চুরি যাওয়া মালামাল উদ্ধার কাজও চোখে পড়ার মতো নয়। এ অবস্থায় দাবি আদায়ে মার্কেটের আন্দোলন প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে রাজপথে নিয়ে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করা হয় সংবাদ সম্মেলন থেকে।
ওই সংবাদ সম্মেলনে সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব রুবেল আহমেদ।
সৈয়দপুর প্লাজা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ কুতুব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এইচএম মনির, ওমর ফারুক সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সাধারণ ব্যবসায়ীরা বলেন পুলিশ প্রশাসন চাইলেই চোর এবং চোরাই মালামাল উদ্ধার করা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পুলিশের পক্ষ থেকে এমন ধরনের পদক্ষেপের কোন নজির মিলছে না।
কালের সমাজ/এসআর

