ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খুলনার বিল ডাকাতিয়ায় মুজোরঘাটা পাকা রাস্তা  পানির নিচে, দুর্ভোগে হাজারো কৃষক

জেলা প্রতিনিধি,খুলনা | সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৪ পিএম খুলনার বিল ডাকাতিয়ায় মুজোরঘাটা পাকা রাস্তা  পানির নিচে, দুর্ভোগে হাজারো কৃষক

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহাসিক বিল ডাকাতিয়া অঞ্চলের মুজোরঘাটা এলাকার প্রধান পাকা রাস্তাটি টানা বর্ষণ ও বিলের পানি বৃদ্ধিতে পুরোপুরি তলিয়ে গেছে। বর্তমানে রাস্তার ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হওয়ায় ওই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আর পানির নিচে তলিয়ে গেছে শত শত একর আমন ধান ও মৎস্য ঘের। সরেজমিনে দেখা যায়, মুজোরঘাটা পাকা রাস্তার বেশ কয়েকটি স্থান তলিয়ে গিয়ে নৌকার মতো পানি থৈ থৈ করছে। বাধ্য হয়ে হেঁটে, ডিঙ্গি নৌকায় বা ভেলায় চেপে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী কৃষক মনি মোহন আক্ষেপ প্রকাশ করে বলেন, রাস্তা তলিয়ে পানির নিচে চলে গেছে। এই পানিতে আমাদের কষ্ট তো আছেই, তার ওপর বিলে রোপণ করা আমন ধানের ক্ষেত ও ঘেরের মাছ সব ভেসে যাচ্ছে। দ্রুত পানি না সরালে আমাদের পরিবার নিয়ে না খেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমরেশ মণ্ডল জানান, মুজোরঘাটা রাস্তাটি নিচু হওয়ায় প্রতিবছর বর্ষা কিংবা স্থায়ী জলাবদ্ধতায় এই সংকট তৈরি হয়। রাস্তা তলিয়ে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত একদম বন্ধের উপক্রম। আমরা সাময়িকভাবে স্থানীয়দের যাতায়াত সচল রাখতে চেষ্টা করছি, তবে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত সড়কটি উঁচু ও পাম্পের মাধ্যমে বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান, বিল ডাকাতিয়া অঞ্চলের পানির প্রবাহ এবং নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পলি জমে স্লুইসগেট ও খালের পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে দ্রুত পানি নামতে পারে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, মুজোরঘাটা এলাকার রাস্তা তলিয়ে যাওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে অবগতিতে নিয়েছি। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক ও দুর্গত মানুষের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!