বিশ্বখ্যাত সঙ্গীত সাধক, শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি এবং উপমহাদেশের গর্ব সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ (৮/১০/২৬) নবীনগরের শিবপুরে অবস্থিত সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর বর্ণাঢ্য জীবন, সঙ্গীত সাধনা, শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অসামান্য অবদান এবং বাংলা ও উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে তাঁর সমৃদ্ধ সঙ্গীত-ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. রেজাউল কবিরের সভাপতিত্বে ও প্রভাষক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র কলেজের গভর্নিং বডির সদস্য- মো. আশরাফ হোসেন আকসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি অধ্যাপক মো. আব্দুল নূর , সহকারি অধ্যাপক মো. মহসিন সরকার, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেনসহ কলেজের শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন- ১৬৪ বছর আগে আজকের এই দিনে শিবপুরের জন্ম নেওয়ার শিশুটি শুধু শিবপুর কিংবা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব নন, তিনি বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ তথা বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর দীর্ঘ সাধনা, প্রতিভা ও সৃষ্টিশীলতার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত আন্তর্জাতিক অঙ্গনে নতুন মর্যাদা লাভ করেছে। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।
আলোচনা সভা শেষে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কালের সমাজ/কে.পি

