পাবনার ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিক্রির জন্য রাখা ১০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, মাছের ভেতরে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে বিক্রির জন্য রাখা জেলিযুক্ত চিংড়ি মাছের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
জেলিযুক্ত চিংড়ি বিক্রির প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দ করা চিংড়ি মাছ মাটিতে পুঁতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এদিকে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন মাছের দোকানেও তল্লাশি চালানো হয়। তবে অভিযানে কোনো মা ইলিশ বা ইলিশ মাছ পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে ইলিশ মাছ না পাওয়া গেলেও জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া গেছে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত মাছ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
কালের সমাজ/কে.পি

