ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জামায়াত নেতাকে প্রধান করে এনসিপির উপজেলা কমিটি, পদত্যাগের ঘোষণা সিনিয়র যুগ্ম আহ্বায়কের

জেলা প্রতিনিধি, নোয়াখালী | অক্টোবর ২৯, ২০২৬, ০১:৫০ পিএম জামায়াত নেতাকে প্রধান করে এনসিপির উপজেলা কমিটি, পদত্যাগের ঘোষণা সিনিয়র যুগ্ম আহ্বায়কের

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে আবদুল মান্নানকে দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

এদিকে, কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের সুবর্ণচর উপজেলা শাখার (আংশিক) আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

আবদুল মান্নান চরবাটা আইডিয়াল মাদরাসার পরিচালক। তিনি জামায়াতে ইসলামীর সুবর্ণচর শাখার রুকন ছিলেন বলে জানা গেছে। জামায়াতের একজন রুকনকে এনসিপির উপজেলা আহ্বায়কের দায়িত্ব দেয়ার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

এ বিষয়ে আবদুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন বলেন, আবদুল মান্নানের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি আমাদের দলের কেউ নন। অনেক আগেই তার রুকন পদ বাতিল হয়েছে। দীর্ঘ এক বছর তার পদ স্থগিত ছিল। পরে তিনি নিজের ইচ্ছায় এনসিপিতে যুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নেই।

এদিকে, কমিটি অনুমোদনের পর মঙ্গলবার রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।

পোস্টে তিনি লেখেন, এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জানান, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি।

কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তবে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন।

কালের সমাজ/এসআর

Link copied!