ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

‎পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ‎​

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | নভেম্বর ৫, ২০২৬, ১০:০২ পিএম ‎পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ‎​

‎​পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
‎
‎​উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ফরিদ রেজার সভাপতিত্বে এবং আসাদুজ্জামান দুলালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বাবর হিরো, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দীন, গেরিলা মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাসেম প্রমুখ। এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
‎
‎​সমাবেশে বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জন্য জীবন বাজি রাখা একজন বীর মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষবিদায়ের সময় এ ধরনের অমানবিক বাধা সৃষ্টি করা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ও অপরাধমূলক। দেশের বীর সন্তানদের অসম্মান করার যেকোনো অপচেষ্টা বাঙালি জাতি কখনো বরদাশত করবে না।
‎​অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!