বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (সন্ধ্যায়) উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়ীপাড়া জামে মসজিদের সামনে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলে,জালাল আহমেদ (৩৬), পিতা: মৃত গোলাম হোসেন, সাং- প্রধানঝিরি, ৮ নম্বর ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন।
নুরুল আলম (৩২), পিতা: সোলায়মান, সাং- প্রধানঝিরি, ৮ নম্বর ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন।
ইয়াসিন উল্লাহ (২২), পিতা: সৈয়দ আকবর, সাং- প্রধানঝিরি, ৮ নম্বর ওয়ার্ড, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ব্যবসায়ীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার (এসআই) হাবিব রহমান খান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গতকালই বান্দরবান আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কালের সমাজ/কে.পি

