ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ফেসবুক ছবি দেখে শিশু ধর্ষণ মামলার অভিযুক্তকে আটক করেছে জনতা

জেলা প্রতিনিধি, বান্দরবান | অক্টোবর ১৩, ২০২৫, ০১:৩৫ পিএম ফেসবুক ছবি দেখে শিশু ধর্ষণ মামলার অভিযুক্তকে আটক করেছে জনতা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর পালিয়ে যাওয়া অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫)–কে ফেসবুকে ছবি দেখে আটক করেছে জনতা। পরে তাকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের পর অভিযুক্ত ভচইক্কা পালিয়ে যায়। তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রামু উপজেলার রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া এলাকায় স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে আটক করে। পরে তারা নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়।

অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।

সংবাদ পেয়ে রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ এবং নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো. পলাশ খান ও তার ফোর্সের সহায়তায় অভিযুক্তকে আটক করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে শিশুটিকে ধর্ষণের এ ঘটনা ঘটে। বর্তমানে ভিকটিম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

কালের সমাজ/ই. ক./ সাএ

 

Link copied!