খুলনা ৫ আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আসন্ন জাতীয় নির্বাচনকে দ্বীন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটিই বর্তমান সময়ের সংগ্রামের পথ।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে খুলনার আরাফাত এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে ধর্মীয় ব্যাখ্যা, রাজনৈতিক বিশ্লেষণ, মুক্তিযুদ্ধ-পরবর্তী ইতিহাস এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিকে একত্র করে তিনি আসন্ন নির্বাচনকে একটি আদর্শিক লড়াই হিসেবে উপস্থাপন করেন।
বক্তব্যের শুরুতে তিনি ইসলামের প্রাথমিক যুগের নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন, মক্কার কুরাইশদের অত্যাচারের মধ্যেও নবী মুহাম্মদ (সা.) দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যাননি। তিনি দাবি করেন, ইসলাম কেবল নামাজ, রোজা, ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আল্লাহর আইন প্রতিষ্ঠাই ইসলামের মূল উদ্দেশ্য।

তিনি জানান, আসন্ন নির্বাচনে পাঁচটি ইসলামী দল, জুলাই আন্দোলনের, জুলাই যোদ্ধা, যারা রাজনীতিতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য, পেটোয়া বাহিনীর গুলির ভিতরে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই সাহস নিয়ে আবু সাঈদ , যারা জীবন দিয়েছিল, সেই জুলাই যোদ্ধারা, সেই তরুণরা একটা দল গঠন করেছে। সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির, ন্যাশনাল সিটিজেন পার্টি, যাকে বলা হয় এনসিপি, তারাও এই দশ দলের মধ্যে আসছে। মুক্তিযুদ্ধের বীর বিক্রম কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন দলসহ মোট ১০টি দল একত্র হয়ে জোট গঠন করেছে। তার দাবি অনুযায়ী, এই জোটে ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটেছে।
তিনি বলেন, ৩০০ সংসদীয় আসনের জন্য জোটের মধ্যে আসন বণ্টন সম্পন্ন হয়েছে এবং খুলনা ৫ আসনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাকেই প্রার্থী করা হয়েছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন ও সাহস পেলে তিনি দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে প্রস্তুত।
কালের সমাজ/এসআর

