ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পিরোজপুরের নেছারাবাদে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে দুই শিক্ষকের মধ্যে মারামারি

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২১ পিএম পিরোজপুরের নেছারাবাদে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে দুই শিক্ষকের মধ্যে মারামারি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শ্রেণিকক্ষে এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক বিচার চেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
.
সোমবার (২৬ জানুয়ারি) সকালে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের দক্ষিণ কৌড়িখারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিদ্যালয়ে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা চলছিল। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসান অপর সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আনিছা আক্তারের রোল নম্বর দেখতে বলেন। রোল নম্বর জানাতে বিলম্ব হওয়ায় মো. জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে মো. বেলাল হোসেনকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের সময় প্রশ্ন করলে অভিযুক্ত শিক্ষক ফের কিল-ঘুষি মারেন। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষক লাইব্রেরির মেঝেতে পড়ে যান। ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. জাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি লাইব্রেরিতে বসে শিক্ষক বেলালকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শিক্ষার্থী আনিছার রোল নম্বর দেখতে বলি। এ সময় তিনি আমার ওপর চড়াও হন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কালবেলাকে বলেন, ঘটনাটির বিষয়ে আমি অবগত। বর্তমানে ইউএনও স্যারের সভায় আছি, পরে বিস্তারিত জানাতে পারবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ইউএনও স্যারের নির্দেশে অভিযোগটি আমাদের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!