ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আমিনুল ইসলাম বাদশা

জেলা প্রতিনিধি, শেরপুর | জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:১৩ পিএম নির্বাচন থেকে  সরে দাঁড়ালেন আমিনুল ইসলাম বাদশা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মো. আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। (২৯ জানুয়ার) মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনি সমাবেশে দলের নির্দেশে তিনি এই ঘোষণা দেন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা ও তাঁর কয়েকজন অনুসারী উপস্থিত রয়েছেন।


ভিডিও বক্তব্যে মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একজন বিএনপির লোক এ কথা আমি সব সময় বলেছি। আমি কখনো এমপি নির্বাচন করার ইচ্ছা পোষণ করিনি। তবে মো. মাহমুদুল হক রুবেল সাহেবের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় আমি এই অবস্থানে এসেছিলাম। আমার জন্য অনেকেই চেষ্টা করেছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন। 

তিনি আরও বলেন,আজ দেশনায়ক ও আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে আমাকে ময়মনসিংহে আসতে বলেন। সেখানে আমাকে অভূতপূর্ব সম্মান দেখানো হয়। আমাকে মঞ্চে উঠানো হয়। পরে তাঁর বুলেটপ্রুফ গাড়িতে আমাকে তুলে তিনি নিজে আমার হাত ধরে সাবেক এমপি রুবেল সাহেবকে বলেন—তিনি একজন সিনিয়র নেতা, তাঁকে মেনে চলতে হবে। এ ধরনের ভুল যেন আর না হয়।


বাদশা জানান, এ সময় তারেক রহমান তাঁকে আশ্বাস দিয়ে বলেন, দল ক্ষমতায় যাক বা না যাক, তিনি তাঁর পাশে থাকবেন। ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন,আমার অপরাধটুকু দয়া করে ক্ষমা করে দেবেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসতেই হয়। আমি ধানের শীষে ভোট দেব এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। এ বিষয়ে বক্তব্য জানার জন্য মো. আমিনুল ইসলাম বাদশার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!