ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই, দেশের জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না, তারেক রহমান

জেলা প্রতিনিধি, নওগাঁ | জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:৩৫ পিএম পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই, দেশের জনগণ যার পাশে থাকে কেউ তাকে আটকাতে পারে না,  তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই। আমাদের তো আর যাওয়ার মতো কোনো জায়গাও নেই। আমি ১৭ বছর দেশে থাকতে পারিনি—তাহলে এই দীর্ঘ সময়ে দেশের মানুষের ভাগ্যের কী উন্নয়ন হয়েছে, সেটাই আজ বড় প্রশ্ন।

তারেক রহমান বলেছেন জনগণ যার পাশে থাকে, কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ আটকাতে পারেনি। বিএনপি আজ এই পর্যায়ে এসেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কাজেই আমার পরিকল্পনা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা ১২তারিখে বিএনপিকে জয়ী করা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। আমরা গ্রামবাংলার মানুষের ভাগ্য বদলাতে চাই, নারীদের ভাগ্য পরিবর্তন করতে চাই। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং নিশ্চিন্তে ঘুমাতে পারে—সে লক্ষ্যেই বিএনপি কাজ করবে।


তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক কিছু উন্নয়ন হয়েছে, অনেক ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। কিন্তু মেগা প্রকল্প মানেই আজ মেগা দুর্নীতি। প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন গ্রামের মানুষের জীবনমান বদলাবে। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষকের মাঝে কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কৃষকের অর্থনৈতিক ভিত মজবুত হয় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়।


কৃষি পণ্যের পরিবহন খরচ কমাতে রেল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ফসল ঢাকাসহ বিভিন্ন স্থানে সহজে পরিবহনের ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষ যেন স্বল্প খরচে ট্রেনে চলাচল করতে পারে, সে উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত হলে পরের দিন থেকেই এলাকার উন্নয়নে কাজ শুরু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

নারীদের বিষয়ে তারেক রহমান বলেন, মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সরকারিভাবে প্রতি মাসে নির্দিষ্ট সুবিধা প্রদান করা হবে। গ্রামাঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা না থাকায় গ্রামে গ্রামে হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে, যাতে ছোটখাটো রোগের চিকিৎসা ঘরে বসেই পাওয়া যায়।

শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখা মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়—খেলাধুলার মাধ্যমেও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এজন্য স্কুল পর্যায় থেকেই খেলাধুলার প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। যেহেতু নওগাঁ একটি কৃষিভিত্তিক অঞ্চল এবং এখানে শিল্পকারখানাও রয়েছে, তাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আইটি সেক্টরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। ইতোমধ্যে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে, যারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেখানে আইটি দক্ষ জনশক্তির কর্মসংস্থান হবে।
 

তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানী প্রদান করা হবে। সরকার গঠন হলে এসব দাবি ও প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
 

তারেক রহমান বলেন, জুলাই-আগস্টে যারা গুম, খুনের শিকার হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ত্যাগ অপরিসীম। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। এক পক্ষ চলে গেলেও আরেক পক্ষ রয়ে গেছে। তাই ভোটের দিন ব্যালট বাক্স পাহারা দিতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
 

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ জমিয়তে ওলামা ইসলামের সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মান্দা থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সভানেত্রী সাবিনা আক্তার পলি, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজ রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী আব্দুল বারী।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!