ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
ইসি সানাউল্লাহ

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো জটলা সহ্য করা হবে না

জেলা প্রতিনিধি,ভোলা | জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১৫ পিএম নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো জটলা সহ্য করা হবে না

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না।

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আরও বলেন, ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য ভোটকেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরায় আওতায় আনার চেষ্টা করতে হবে। এতে করে ভোটকেন্দ্র নিরাপদ থাকবে। কেন্দ্রে কেউ অসৎ কাজ করার সুযোগ পাবে না।

তিনি উল্লেখ করেন, আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

ইসি বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

কালের সমাজ/এসআর

Link copied!