বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার বিকেলে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন এলাকায় আয়োজিত জামায়াতের নির্বাচনী জনসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন।
জানা গেছে, রামপাল উপজেলার তাঁতীদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল ফকিরের নেতৃত্বে তাঁর অনুসারী নেতাকর্মীরা জনসভা মঞ্চে উঠে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি বা অবৈধ জায়গা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। জামায়াত জনগণের জানমাল ও সম্মান রক্ষার রাজনীতি করে। বক্তারা আরও বলেন, আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলদারদের রুখে দিতে হবে এবং সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন রামপাল মোংলার দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতে নায়েবে আমীর এ্যাডভোকেট ওয়াদুদ,মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কোহিনুর সরদারসহ রামপাল ও মোংলা উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী। জনসভাটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই যোগদানের মাধ্যমে রামপাল–মোংলা অঞ্চলে জামায়াতের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং আগামীর নির্বাচনে গণমানুষের সমর্থন প্রতিফলিত হবে।


আপনার মতামত লিখুন :