শেরপুর সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস ও একটি ভটভটি (টমটম) উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যার পর শেরপুর পৌরসভার রাজবল্লভপুর চৌরাস্তার ভাঙা কালভার্ট সংলগ্ন পাকা রাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ভটভটিকে থামার সংকেত দিলে তাতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে ভটভটি থেকে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শরিফুল ইসলাম সবুজ ওরফে আরাফাত সবুজ (২১), পিতা: আব্দুর রহমান, সাং: বাদলাকুড়া রাসেল মিয়া (২২), পিতা: রতন মিয়া, সাং: ছিটপাড়া, হযরত আলী (২০), পিতা: মো. কাশেম, সাং: যোগানিয়া। তারা সবাই নালিতাবাড়ী থানার বাসিন্দা, জেলা শেরপুর।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৪টি ‘Clean and Coming’ ফেসওয়াশের বোতল, প্রতিটির আনুমানিক মূল্য ৩৫০ টাকা, মোট মূল্য ৭,০১,৪০০ টাকা। ৫৭২টি ‘SESA Ayurvedic Oil’ বোতল, প্রতিটির বাজার মূল্য ৪০০ টাকা, মোট মূল্য ২,২৮,৮০০ টাকা। ৬৮০টি ‘Fair & Lovely’ (৬০ গ্রাম) টিউব, প্রতিটির মূল্য ৫০০ টাকা, মোট মূল্য ৪,৪০,০০০ টাকা।
এছাড়া একটি সবুজ-হলুদ-লাল রঙের ইঞ্জিনচালিত তিন চাকার ভটভটি (টমটম), যার আনুমানিক মূল্য ৩,০০,০০০ টাকা।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৬ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালের সমাজ/এসআর

