শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার দায়ে মো. মাসুদ (২৫) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে শেরপুর-১ (সদর) আসনের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন বহিরাগত হঠাৎ ভোটকেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যালট পেপারগুলো উদ্ধার করেন। এ সময় ব্যালট বইসহ মো. মাসুদকে আটক করা হয়।
পরে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডাদেশ কার্যকরের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ দণ্ড প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কালের সমাজ/এসআর

