ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ও পুরুষ ভোটাররা পৃথক লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেক কেন্দ্রে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে ভোটারদের। বিশেষ করে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট প্রদান শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ভোটাররা।
সকাল ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল সাড়ে ৯টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনকালে পিরোজপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইশরাক সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জর্জ হাই স্কুল কেন্দ্রেও নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনটি সংসদীয় আসনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও কোস্টগার্ডসহ ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দুপুর ১২টা পর্যন্ত জেলার কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ৮ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পিরোজপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক নিয়ে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও সন্তোষজনক।
এবার পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৭টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার রয়েছেন।
সার্বিকভাবে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
কালের সমাজ/এসআর

