ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

কাজাখস্তান থেকে কম দামে ডিজেল আমদানির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১, ২০২৬, ০২:৫৪ পিএম কাজাখস্তান থেকে কম দামে ডিজেল আমদানির প্রস্তাব

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজাখস্তান থেকে সাশ্রয়ী মূল্যে ডিজেল আমদানির প্রস্তাব পেয়েছে সরকার। প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলার দরে প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করার আগ্রহ দেখিয়েছে দেশটি।

বুধবার (১ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

যুগ্মসচিব জানান, জ্বালানি তেল আমদানির বিষয়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রস্তাব আসছে। এর মধ্যে কাজাখস্তানের এই প্রস্তাবটি বেশ ইতিবাচক।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে জ্বালানি তেলের প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৬ ডলারে ডিজেল আমদানির একটি প্রস্তাব আমাদের হাতে আছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় সস্তায় পেলে তেল কিনতে আমাদের কোনো অসুবিধা নেই।

তবে প্রস্তাব পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় উল্লেখ করে মনির হোসেন চৌধুরী বলেন, শুধু প্রস্তাব পেলেই হবে না, আমদানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার বিষয়গুলোও খতিয়ে দেখতে হবে। দেশটি প্রায় ১ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহ করতে পারবে বলে আমাদের জানিয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সাশ্রয়ী মূল্যে তেলের উৎস নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কাজাখস্তানের এই প্রস্তাবটি কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক কি না, তা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরবরাহ নিশ্চিত করার সক্ষমতা এবং পরিবহণ খরচ বিবেচনায় নিয়ে চূড়ান্ত চুক্তির দিকে এগোতে চায় সংশ্লিষ্ট বিভাগ।

কালের সমাজ/এসআর

Link copied!