ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল পড়ুয়া ৪ ছাত্রী একসঙ্গে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি ছাড়ে তারা। এর পর আর ফেরেনি। এ ঘটনায় উৎকণ্ঠায় দিন কাটছে চার কিশোরীর পরিবার ও স্বজনদের।
এ ঘটনার পর গতকাল রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীরা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, আজ বুধবার সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দেয়। সে সময় কিশোরী জানায়, তারা যেখানে আছে, ভালো আছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। নিখোঁজ এক কিশোরীর বাবা বলেন, মেয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় তাঁরা উদ্বেগের মধ্যে আছেন। আরেক ছাত্রীর মা বলেন, ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুব উদ্বিগ্ন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। সবদিক বিবেচনা করে কাজ চলছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছে পুলিশ।
কালের সমাজ/এএইচবি

