পপ সংগীতের জনপ্রিয় তারকা ও একাধিক গ্র্যামি জয়ী শিল্পী ডুয়া লিপা এবার গান নয়, আলোচনায় এসেছেন আইনি লড়াইয়ের কারণে। তার অভিযোগ, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
মামলার নথি অনুযায়ী, ডুয়া লিপা স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি তার অনুমতি বা কোনো ধরনের চুক্তি ছাড়াই টেলিভিশনের প্যাকেজিং ও প্রচারণায় তার ছবি ব্যবহার করেছে। ভ্যারাইটি থেকে জানা যায় গত শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, গত বছর থেকে স্যামসাং তাদের টিভির কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করছে। বিষয়টি তার অজান্তেই করা হয়েছে এবং এর বিনিময়ে কোনও পারিশ্রমিকও দেয়া হয়নি।

গায়িকার পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি জানার পর তারা স্যামসাংকে ছবি ব্যবহার বন্ধ করার অনুরোধ জানায়। তবে অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি সেই অনুরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। মামলায় স্যামসাংয়ের আচরণকে ‘উদাসীন ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এই ব্যবহারের ফলে ভোক্তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে ডুয়া লিপা স্যামসাংয়ের পণ্য অনুমোদন করেছেন বা এর সঙ্গে যুক্ত আছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
আইনি নথি অনুযায়ী, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালে ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং ছবির কপিরাইট ডুয়া লিপার মালিকানাধীন। মামলায় কপিরাইট লঙ্ঘন ও ট্রেডমার্ক আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি স্যামসাং। সূত্র: ভ্যারাইটি
কালের সমাজ/এসআর

