ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ১১, ২০২৬, ১০:২১ পিএম গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের সভা

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জ এখন আর কোনো বিশেষ জেলা নয়। অতীতে কে কী করেছেন, সেই কারণে যেন সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার তুলনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন। জেলার চলমান অসম্পূর্ণ উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে। সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

গোপালগঞ্জ-১ আসনের সাংসদ সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জের অধিকাংশ উন্নয়নমূলক কাজ বর্তমানে বন্ধ হয়ে আছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে জেলার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। রাজনৈতিক ভিন্নমত বা অতীতের কারণে কোনো জেলার উন্নয়ন থেমে থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রী জেলার চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে গোপালগঞ্জকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে এবং জেলার মানুষ শিগগিরই এর সুফল ভোগ করতে পারবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!