ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান, জিততে হলে যে সমীকরণ বাংলাদেশের?

ক্রীড়া প্রতিবেদক | মে ১২, ২০২৬, ০২:৫৩ পিএম ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান, জিততে হলে যে সমীকরণ বাংলাদেশের?

মিরপুর টেস্টে পাকিস্তানের জিততে ২৬৮ রান প্রয়েজিন। বাংলাদেশের সমীকরণটাও হলো প্রতিপক্ষকে অলআউট করা নয়তো রান আটকানো। গতকাল চতুর্থ দিন শেষেও মনে হচ্ছিল চলমান টেস্ট ড্রয়ের দিকেই হেলে পড়ছে। তবে আজ প্রথম সেশন শেষে ফলাফলের আশা করাটাও বেশি বাড়াবাড়ি মনে হবে না।

২৬৮ রানের টার্গেট তাড়ায় নেমে স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। সাফল্য পেয়েছেন তাসকিন, নাহিদরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। জয়ের জন্য আরও প্রয়োজন ১৮৬ রান। অন্যদিকে, নাজমুল হোসেন শান্তদের দরকার আর ৭ উইকেট।

চতুর্থ দিনের খেলা শেষে প্রেস কনফারেন্সে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলছিলেন, ‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব।’ শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের প্রত্যাশার আশেপাশেই থামল।

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ছিল ১৭৯ রানের। শান্ত ও মুশফিক জুটি আজ দিনের খেলা শুরু করেন। দিনের তৃতীয় ওভারেই তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরেছেন মুশফিক। মাত্র ২২ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ রান। শেষ ভরসা শান্তও বিদায় নেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে। চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও তিনি ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছাকাছি ছিলেন। কিন্তু ১৩ রানের হতাশা নিয়ে ফিরতে হলো বাঁ-হাতি এই ব্যাটারকে। একইসঙ্গে একটি বিশ্বরেকর্ড গড়ার কাছাকাছি থাকলেও শান্ত’র সেই অপেক্ষাটা দীর্ঘায়িত হলো।

এর আগে টেস্ট ক্যারিয়ারে দু’বার পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে শান্ত’র। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এই মিরপুরেই তিনি যথাক্রমে ১৪৬ এবং ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটিতে বাংলাদেশ রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছিল। এরপর ২০২৫ সালের জুনেও শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। খেলেছেন ১৪৮ এবং ১২৫ রানের ইনিংস। যদিও ম্যাচটি ড্রতে নিষ্পত্তি হয়।

মিরপুরে দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন শান্ত। তেমন কিছু হলে বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে তিন টেস্টে জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নাম লেখাতেন টাইগার অধিনায়ক। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে কেবল তিন ক্রিকেটার তিনবার করে এই কীর্তি গড়েছেন– সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। ১৩ রানের জন্য সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছাড়া হলো শান্ত’র।

শান্তর বিদায়ের পর একে একে ফিরে গেছেন মিরাজ, তাইজুল ও তাসকিন। এরপর আর অপেক্ষা করেনি বাংলাদেশ। ৯ উইকেটে ২৪০ রানেই ইনিংস ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

কালের সমাজ/এসআর

Link copied!