ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বড় বিতর্কের মুখে পড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

স্পোর্টস ডেস্ক | মে ১১, ২০২৬, ১২:২০ পিএম বড় বিতর্কের মুখে পড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

সামাজিক যোগাযোগমাধ্যমে বড় বিতর্কের মুখে পড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে দলটির ডাগআউটে এক স্টাফ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।

রোববার (১০ মে) রাতে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সম্প্রচারের ক্যামেরা একসময় লক্ষ্ণৌ শিবিরের দিকে গেলে দেখা যায়, একজন স্টাফ সদস্য মোবাইল ফোনে কথা বলছেন বলে মনে হচ্ছে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই দাবি করেন, এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম লঙ্ঘনের শামিল।

তবে ভিডিওটি সত্যিই লক্ষ্ণৌর ডাগআউটের ছিল কি না, নাকি স্টেডিয়ামের কোনো ভিআইপি অংশের দৃশ্য ছিল; তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় কিংবা ঠিক কোথায় ফোন ব্যবহার করা হয়েছিল, সেটিও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আইপিএলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কঠোর নিয়ম রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতিমালা অনুযায়ী, দলের ম্যানেজাররা শুধুমাত্র ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার করতে পারবেন, ডাগআউটে নয়।

নীতিমালায় বলা হয়েছে, ‘খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ। শুধুমাত্র কিছু নির্দিষ্ট সদস্য সীমিতভাবে এসব ব্যবহার করতে পারবেন। দলের ম্যানেজার ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবেন, কিন্তু ডাগআউটে নয়।’

এছাড়া খেলোয়াড় ও সহকারী স্টাফদের মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি কিংবা অন্য কোনো যোগাযোগ যন্ত্র বন্ধ করে স্টেডিয়ামে প্রবেশের সময় নির্ধারিত কর্মকর্তার কাছে জমা দেয়ার নির্দেশনাও রয়েছে।

এর আগে চলতি আইপিএলে একই ধরনের ঘটনায় শাস্তির মুখে পড়েছিলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দর। গত ১০ এপ্রিল গুয়াহাটিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে মোবাইল ব্যবহার করায় তাকে এক লাখ রুপি জরিমানা ও আনুষ্ঠানিক সতর্কবার্তা দেয়া হয়েছিল।

কালের সমাজ/এসআর

Link copied!