গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সভা।
রোববার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জকেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভায় অংশ নেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। একইসঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, গোপালগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব অবস্থা, কাজের গতি এবং বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে আরও গতিশীলতা আনতে প্রয়োজনীয় পরিবর্তন ও সমন্বয়ের প্রস্তাব তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকবৃন্দ।
জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কালের সমাজ/এসআর

