ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

১৫ বিয়ে করা সেই নারীকে নিয়ে তোলপাড়!

মাহফিজুল ইসলাম রিপন, দিনাজপুর | মে ১২, ২০২৬, ০৩:৫৫ পিএম ১৫ বিয়ে করা সেই  নারীকে  নিয়ে তোলপাড়!

দিনাজপুর জেলাজুড়ে বর্তমানে টক অব দ্য টাউন ৩৫ বছর বয়সী শিল্পীআরা জামান নামের এক নারী। অভিযোগ উঠেছে, তিনি জেলার বিভিন্ন এলাকায় কৌশলে অন্তত ১৫টি বিয়ে করেছেন। একের পর এক বিয়ে এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিল্পী আরা জামান (৩৫) তার রূপ ও মনভোলানো কথাবার্তা দিয়ে বিভিন্ন বয়সী পুরুষদের বিয়ের ফাঁদে ফেলতেন। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তিনি পারিবারিক কলহের অজুহাত তুলে দেনমোহরের টাকা এবং গয়নাগাটি নিয়ে সটকে পড়তেন। অনেক ক্ষেত্রে ভুয়া কাবিননামা বা আগের বিয়ের তথ্য গোপন করে তিনি নতুন করে সংসার শুরু করতেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রাক্তন স্বামী’ মনোয়ার হোসেন ও আশরাফুল, মোস্তফা, মিলন,মাহমুদুল মাস্টার, সিদ্দিক হাজী, বসির হাজী, শামিম,ছাব্বির আহম্মেদ, প্রদিপ কুমার,বাবুসহ আরও অনেকে জানান, বিয়ের সময় তিনি নিজেকে খুব অসহায় হিসেবে উপস্থাপন করতেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার আসল রূপ প্রকাশ পেত। টাকা-পয়সার জন্য তিনি প্রায়ই চাপ দিতেন এবং দাবি আদায় না হলে মামলার ভয় দেখিয়ে বিচ্ছেদের পথে হাঁটতেন।

১৫টি বিয়ের এই তথ্য সামনে আসার পর আরও অনেক ভুক্তভোগী এখন মুখ খুলতে শুরু করেছেন। বর্তমান পরিস্থিতি:সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ‘সিরিয়াল ম্যারেজ’-এর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় শিল্পী আরা জামানকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকে একে নিছক প্রতারণা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ আইনের ফাঁকফোকর ব্যবহার করে এমন কাজ করার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত নারী বর্তমানে গা-ঢাকা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের সমাজ/এসআর

Link copied!