২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে বড় ধরনের অস্থিরতায় পড়েছে কুরাসাও জাতীয় ফুটবল দল। খেলোয়াড় ও স্পন্সরদের টানা চাপের মুখে প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন ডাচ কোচ ফ্রেড রুটেন।
সোমবার (১১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কুরাসাও ফুটবল ফেডারেশন (কেকেএফ)।
কয়েক দিন আগেও পরিস্থিতি ভিন্ন ছিল। খেলোয়াড়দের পক্ষ থেকে সাবেক কোচ ডিক অ্যাডভোকাটকে ফেরানোর দাবি উঠলেও গত শুক্রবার তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছিল ফেডারেশন। তবে সোমবার ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে জরুরি বৈঠকের পর হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। এরপরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন রুটেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে রুটেন বলেন, দল কিংবা স্টাফদের মধ্যকার পেশাদার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো পরিবেশ তৈরি হওয়া উচিত নয়। হাতে সময় খুব কম, তাই কুরাসাওয়ের স্বার্থে সরে দাঁড়ানোটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি। পুরো পরিস্থিতির অগ্রগতিতে হতাশাও প্রকাশ করেন এই ডাচ কোচ।
রুটেনের অধীনে মার্চে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল কুরাসাও। সেখানে অস্ট্রেলিয়া ও চীনের কাছে হেরে যায় দলটি। এরপর থেকেই ড্রেসিংরুমে অসন্তোষের গুঞ্জন বাড়তে থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দলের একটি বড় অংশ আবারও অ্যাডভোকাটকে দায়িত্বে দেখতে চায়।

৭৮ বছর বয়সী অ্যাডভোকাটের অধীনেই গত নভেম্বরে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল কুরাসাও। তবে অসুস্থ মেয়ের পাশে থাকতে চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়েন অভিজ্ঞ এই ডাচ কোচ। পরে তার জায়গায় দায়িত্ব দেয়া হয় রুটেনকে।
ডাচ্ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও কুরাসাওয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডভোকাট। রুটেনের বিদায়ের পর সেই সম্ভাবনাই এখন আরও জোরালো হয়ে উঠেছে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ। গ্রুপ ‘ই’-তে থাকা কুরাসাও ১৪ জুন হোস্টনে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ ও ২৬ জুন তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।
কালের সমাজ/এসআর

