ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

বিনোদন ডেস্ক | জুন ৪, ২০২৬, ০৯:১৭ পিএম শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার কথা ছিল চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজের। তবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাপ্পারাজ।

তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনার ইতি টেনেছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণে বর্তমানে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলে মনে করছেন এই অভিনেতা।

ফলে সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।

এ বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।

এদিকে বাপ্পারাজের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে এখন কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

এদিকে বাপ্পারাজের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির।

তিনি এক পোস্টে জানান, বাপ্পারাজ ভাই পারিবারিক কারণে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আর কিছু দিন বাকি মাত্র। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ না, অবশ্যই সৎ এবং ভালো একজন প্রার্থীকেই সভাপতি পদে দাঁড় করাবো ইনশাআল্লাহ। বাপ্পা ভাই এর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, আছে এবং থাকবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্যানেল ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!