ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর বর্ষাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণ সন্ধ্যা’। বর্ষা ঋতুর সৌন্দর্য এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সুর, সংগীত ও আবেগের অনন্য পরিবেশনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিল্প-সংস্কৃতির মাধ্যমে মানুষের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

সন্ধ্যার শুরুতেই বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. চঞ্চল খান রবীন্দ্রনাথের জনপ্রিয় বর্ষার গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। তার সুরেলা কণ্ঠে বর্ষার আবেগ, প্রকৃতির সৌন্দর্য ও মানবমনের অনুভূতি যেন নতুন করে প্রাণ পায়।
এরপর বাংলাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সংগীতগুরু অনিল কুমার সাহা এবং তাঁর শিষ্য অলোক কুমার সেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় রাগভিত্তিক সুরের মাধুর্য অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
সুর, সৌন্দর্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে ‘শ্রাবণ সন্ধ্যা’ হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন। বর্ষার আবহ, রবীন্দ্রসংগীত এবং শাস্ত্রীয় সংগীতের সম্মিলিত পরিবেশনা দুই বাংলার সাংস্কৃতিক ঐক্য ও সৌহার্দ্যের উজ্জ্বল প্রতীক হিসেবে দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
কালের সমাজ /এএইচবি

