ব্রডওয়ে ও টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মার্কিন অভিনেতা জশ গ্রিসেত্তি মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) তার মৃত্যুর কথা জানিয়েছে পরিবারের সদস্যরা। মৃত্যুকালে ৪৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জুলাই আত্মহত্যা করে মারা গেছেন অভিনেতা জশ গ্রিসেত্তি। পরে এ তথ্য প্রকাশ্যে আনেন ‘সামথিং রিটেন’র তার সহ-অভিনেতা রব ম্যাকব্লুর। তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘এই ক্ষতি মেনে নেয়ার বা বোঝার মতো অবস্থা এখন নেই।’ পাশাপাশি জশ গ্রিসেত্তির স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদন জানান তিনি। পোস্টে তার সঙ্গে নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও শেয়ার করেছেন রব ম্যাকব্লুর।
এ অভিনেতা সহ-অভিনেতার মৃত্যুতে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তাকে ছাড়া বিশ্বজুড়ে এই অঙ্গনের মানুষরা আর আগের মতো থাকবে না। আমরা তোমাকে ভালোবাসি জশ গ্রিসেত্তি। এটি একটি অপূরণীয় ক্ষতি।’
এদিকে মৃত্যুর আগে ইনস্টাগ্রামে দেয়া নিজের শেষ পোস্টে রব ম্যাকব্লুর জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে ‘ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যালর “লিগ্যাল ব্লন্ড’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আগেই তা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
আর তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ওই ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ শোক প্রকাশ করে লিখেছে, ‘জশ গ্রিসেত্তি অত্যন্ত প্রেমময় ও যত্নশীল একজন মানুষ ছিলেন। তিনি তার বন্ধু, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি নিবেদিনপ্রাণ ছিলেন। পরিচিত সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা গভীরভাবে মিস করবে তাকে।’
প্রসঙ্গত, ব্রডওয়েতে মূলত ‘বটম’ ভাইদের অন্যতম চরিত্র ‘নাইজেল বটম’ হিসেবে ম্যাকক্রুরের ‘নিক’ চরিত্রের বিপরীতে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন জশ গ্রিসেত্তি। নাটকের গল্পটি বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার সময় দুই ভাইয়ের থিয়েটার জগতে সফল হওয়ার লড়াইকে কেন্দ্র করে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত শোটির জাতীয় ট্যুরে নাইজেল বটম চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এছাড়াও মিউজিক্যাল কমেডি ‘ইট শুডা বিন ইউ’ এবং ‘ব্রডওয়ে বাউন্ড’-এ অভিনয় করেছেন। অফ-ব্রডওয়ের পুরস্কার বিজয়ী নাটক ‘রেন্ট’, ‘পিটার অ্যান্ড দ্য স্টারক্যাচার’ এবং ‘এন্টার লাফিং’সহ কিছু নাটকে কাজ করেছেন তিনি। আবার আঞ্চলিক থিয়েটারে কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘স্প্যামালট’, রিপ্রাইজ থিয়েটারে ‘হাউ টু সাকসিড ইন বিজনেস উইদাউট রিয়েল ট্রাইং’ লা মিরাডায় ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘পিটার প্যান গোজ রং’।
১৯৮১ সালের ডিসেম্বরে ভার্জিনিয়ার রোয়ানোকে জন্মগ্রহণ করেন জশ গ্রিসেত্তি। কিন্ডারগার্টেনে পড়ার সময় ‘পিটার র্র্যাবিট’ এবং হাই-স্কুলে পড়ার সময় ‘অ্যানিথিং গোজ’ ও ‘ফ্লাওয়ার্স ফর অ্যালজারনন’র মতো বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন।
এছাড়াও এ হলিউড তারকা টেলিভিশন ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়েছিলেন। উল্লেখযোগ্য হচ্ছে এমি-জয়ী সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেজেল’-এ তার অভিনয়। সিরিজটির পঞ্চম সিজনে কমেডি লেখক রালফ এমারসন চরিত্রে অভিনয় করেছিলেন। আবার ‘দ্য নাইটস অব প্রসপারিটি’, ‘নার্স জ্যাকি’ ও ‘দ্য গুড ফাইট’ সিরিজে অভিনয় করেন।
আইমডিবি অনুযায়ী, ঝুম্পা লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘দ্য নেকসেক’, ‘দ্য ইমিগ্র্যান্ট’, ‘রেভোলিউশনারি রোড’ এবং ‘মেন ইন ব্ল্যাক’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি কয়েকটি মিউজিক্যাল প্রোডাকশন পরিচালনাও করেছেন জশ গ্রিসেত্তি।
কালের সমাজ/এসআর

