ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৮, ২০২৬, ০২:৩০ পিএম ভেনেজুয়েলাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর ইঙ্গিত

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইঙ্গিত দিয়ে আবারও আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসবল ম্যাচে ভেনেজুয়েলার জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি এমন কথা বলেন। এর আগে কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে ৪-২ ব্যবধানে হারানোর পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ভেনেজুয়েলার প্রশংসা করেন। তিনি লেখেন, ‘দারুণ! আজ রাতে বেসবলে ইতালিকে হারিয়েছে ভেনেজুয়েলা। তাদের বেশ ফুরফুরে দেখাচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলায় অনেক ভালো কিছু ঘটছে। আমি ভাবছি এই জাদুর রহস্য কী?’ এবং এরপরই প্রশ্ন তোলেন- ‘৫১তম অঙ্গরাজ্য হলে কেমন হয়?’

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার সময় ট্রাম্প বিভিন্ন দেশ ও অঞ্চল নিয়ে এমন মন্তব্য আগেও করেছেন। গ্রিনল্যান্ড ও কানাডাকে নিয়েও তিনি যুক্তরাষ্ট্রের অংশ করার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে এই জয়ের ফলে ভেনেজুয়েলা ফাইনালে উঠেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানে যুক্তরাষ্ট্র সহজেই জয় পেয়েছিল।

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সন্দেহে নৌযানগুলোতে কয়েক সপ্তাহ ধরে হামলা চালানো হয়।

মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় বিনিয়োগ বাড়াবে এবং জ্বালানি খাত আধুনিকায়নে কাজ করবে। তবে সাম্প্রতিক সময়ে তার মনোযোগ বেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায় এবং ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। গ্যাসবাডির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি ২ দশমিক ৮৮ ডলার থেকে বেড়ে তা রোববার ৩ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। ট্রাম্প দাবি করেছেন, জ্বালানির দাম বাড়লেও এতে যুক্তরাষ্ট্র ‘অনেক অর্থ আয় করবে’। যদিও নির্বাচনী প্রচারণায় তিনি জ্বালানি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে ইউরোপে গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। একইভাবে কানাডাকেও যুক্তরাষ্ট্রের ‘প্রিয় ৫১তম অঙ্গরাজ্য’ বানানোর কথা বলেছিলেন তিনি। সম্প্রতি তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ‘ভবিষ্যৎ গভর্নর’ বলেও উল্লেখ করেন।

কালের সমাজ/এসআর

Link copied!