ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
লারিজানি হত্যার প্রতিশোধ

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৮, ২০২৬, ০২:৫৫ পিএম ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ এক প্রতিবেদনে এক জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের খণ্ডবিখণ্ড অংশ বিস্ফোরিত হয়ে নিচে পড়ে।

এতে আরো বলা হয়, হোলোন শহরে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়।

দক্ষিণ ইসরাইলেও সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। যেসব এলাকায় লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

চ্যানেল-১২ জানায়, বীরশেবা শহর ও তার আশেপাশে এবং নেগেভ এলাকায় বিমান হামলার সাইরেন বাজার শব্দ শোনা গেছে।

আইআরজিসি বলছে, লারিজানি হত্যার ‘প্রতিশোধ’ নিতে তেলআবিবে হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, লারিজানি ও তার সঙ্গীদের হত্যার জবাবে তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের ‘কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে’।

আইআরজিসি বলেছে, এই ‘প্রতিশোধমূলক’ হামলায় তারা খোররামশাহর ৪, কাদর, ইমাদ এবং খাইবারশাকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব হামলায় তেলআবিবের রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।

কালের সমাজ/এসআর

Link copied!