ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
সড়ক পরিবহনমন্ত্রী

আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | মার্চ ১৮, ২০২৬, ০২:১৩ পিএম আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা

গত ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, কোনো ঘাটতি বা স্বল্পতা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সমস্ত রুটে আরামদায়ক পরিবেশে যাত্রীরা বাসায় যাচ্ছে। বিচ্ছিন্ন চাপ থাকে, কিন্তু সেটা আমরা ট্যাকেল ও ম্যানেজ করতে সক্ষম হয়েছি।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে পুলিশ, ভিজিল্যান্স ও র‍্যাবের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। অভিযোগ খুব কম, ভাড়া ঠিক রাখা হচ্ছে। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় বাস সময়মতো ছাড়ছে এবং যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে না। কিছু রুটে টিকিট শেষ হলেও বেশিরভাগ রুটে এখনও টিকিট পাওয়া যাচ্ছে, ঈদযাত্রা নির্বিঘ্ন চলছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নবীনগর ও বাইপাইলে একটি পরিবহনকে ১০ হাজার টাকা এবং চট্টগ্রাম রোডে দুই পরিবহনকে প্রায় ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বিচ্ছিন্নভাবে অনিয়মের চেষ্টা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব রুটে যান চলাচল স্বাভাবিক, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন।

সড়কমন্ত্রী বলেন, কিছু পরিবহন নিজেরাই বিভিন্ন জায়গায় সাব-কাউন্টার করেছে, যা শৃঙ্খলার জন্য ঠিক নয়। ঈদের পর এসব কাউন্টার নির্দিষ্ট বাস কাউন্টারে সরিয়ে আনার জন্য মালিকদের সময় বেঁধে দেওয়া হবে এবং বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।

কালের সমাজ/এসআর

Link copied!