পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর প্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ টিপু বলেন, `সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে।` পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৫০০ জন উপকারভোগীকে জনপ্রতি ২ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হবে। এর মধ্যে ১৪০ জনকে ইতোমধ্যে অর্থ প্রদান করা হয়েছে এবং অবশিষ্টদের মাঝে ঈদের পর পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
কালের সমাজ/এসআর

