একের হাত ধরি, দারিদ্র মুক্ত সমাজ গড়ি”— এই প্রত্যয় নিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরে আত্মপ্রকাশ করল ‘মোহাম্মদপুর মানবিক সংগঠন’। ২০২৬ সালের এই নতুন পথচলার শুরুতেই এলাকার ৩১টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
এলাকার কৃতি সন্তান, প্রবাসী দাতা, স্থানীয় মুরুব্বি এবং উদ্যমী যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল আয়োজন সম্পন্ন হয়। উদ্বোধনী এই কার্যক্রমে প্রতিটি পরিবারের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে— গরুর মাংস, পোলাওয়ের চাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, নুডুলস, তরল দুধ, সেমাই, চিনি, ডিমসহ আরও বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী। নিত্যপণ্যের এই বাজারে এক সঙ্গে এতসব বাজার হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন সুবিধাভোগী মানুষগুলো।
সংগঠন সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালে প্রতিষ্ঠার পর এটিই তাদের প্রথম বড় ধরনের মানবিক উদ্যোগ। এলাকার মুরুব্বিদের অভিজ্ঞ পরামর্শ এবং তরুণ প্রজন্মের অক্লান্ত পরিশ্রমে পুরো কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। এই মহতী আয়োজনে বিশেষ সৌজন্যমূলক সহযোগিতা প্রদান করেছে মলয় বাজারের ‘কালার প্রিন্টিং’।
আয়োজকরা বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করা। এলাকার বিত্তবান ও কৃতি সন্তানদের সহযোগিতায় আমরা আগামীতেও এমন মানবিক কাজ অব্যাহত রাখতে চাই।”
দক্ষিণ মোহাম্মদপুরের এই তারুণ্যদীপ্ত ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা।
কালের সমাজ/কে.পি

