ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে একযোগে যুদ্ধ চালাতে গিয়ে বড় ধরনের সেনা সংকটে পড়েছে ইসরাইল। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সেনাবাহিনী ‘ভেঙে পড়তে পারে’এমনই কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি পরিস্থিতির গুরুতর চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা তুলছি অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।
সেনাপ্রধান আরও সতর্ক করেন, জনবল সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত বা সাধারণ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও হারাতে পারে।
এমন সংকট মোকাবিলায় তিনি কয়েকটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন, প্রাক্তন সেনাদের আবার সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার সময়সীমা বাড়ানো।
বিশ্লেষকদের মতে, চলমান বহুমুখী সংঘাত ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর বড় চাপ তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: আলজাজিরা
কালের সমাজ/এসআর

