পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) আনুমানিক বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভার অন্তর্গত ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় খান ভ্যারাইটিস স্টোরের একটি গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল ও ১০১৮ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক এবাদুল খানকে বিনা লাইসেন্সে পেট্রোলিয়াম পণ্য মজুদ করার দায়ে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের শর্তে ভান্ডারিয়া উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট হস্তান্তর করা হয়। বিক্রয়লব্ধ ১ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা সরকারি কোষাগারে এ-চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ/এসআর

