ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশিসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | মার্চ ২৮, ২০২৬, ১০:৪০ পিএম ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশিসহ নিহত ২২

ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকায় ভয়াবহ ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। গ্রিসের উপকূলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

বার্তাসংস্থা এএফপি গ্রিসের কোস্টগার্ডের বরাতে জানায়, শুক্রবার ক্রিট দ্বীপের কাছে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও এক শিশুও রয়েছে।

বেঁচে ফেরা ব্যক্তিদের বরাতে জানা গেছে, যাত্রাপথে অন্তত ২২ জন মারা যান। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।

ইতোমধ্যে তিনজন নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।

গ্রিক কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে ভেসে থাকার সময় দিকভ্রান্ত হয়ে পড়ে যাত্রীরা। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তির কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দক্ষিণ সুদানের দুই যুবককে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স ১৯ ও ২২ বছর। তাদের বিরুদ্ধে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।

দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, নৌকাটি ক্রিটের দক্ষিণাঞ্চলের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৫৫৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

বিশ্লেষকদের মতে, দারিদ্র্য, সংঘাত ও উন্নত জীবনের আশায় বিপজ্জনক এই সমুদ্রপথ বেছে নেওয়ার প্রবণতা কমছে না, বরং ঝুঁকি বাড়িয়েই চলেছে।

 

Link copied!