মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক প্রচেষ্টাকে কার্যত উপেক্ষা করে ইরানের ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইসরাইল। খবর আল-জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা আগামী ছয় এপ্রিল পর্যন্ত স্থগিত রাখবেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা ‘খুব ভালোভাবে’ চলছে। তবে ট্রাম্পের এই আশাবাদের ঠিক উল্টো অবস্থান নিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যস্থতা চললেও ইরানের ওপর হামলা থামাবে না ইসরাইল।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরাকে জানিয়েছেন, দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় এ পর্যন্ত এক হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননেও পরিস্থিতি ভয়াবহ। দুই মার্চ থেকে চলা ইসরাইলি হামলায় সেখানে এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় ইসরাইল এক নতুন সামরিক নির্দেশনায় জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সব লেবাননি বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে। এই নদীটি ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে অবস্থিত।
যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় পাকিস্তান বর্তমানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান করছে। এই শান্তি প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরও পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।
কালের সমাজ/এসআর

