মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠককে এ পর্যন্ত হওয়া ‘সেরা বৈঠকগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছেন, দুই দেশের জোটে কোনও ফাটল নেই।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন নাকচ করার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর বিষয়ে উভয় দেশের লক্ষ্যও অভিন্ন বলে দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েল) জোটে ফাটল খুঁজতে যারা অপেক্ষা করে থাকে, তাদের হতাশ করতে আমার সব সময়ই ভালো লাগে। কারণ তারা ফাটল নয়, গ্রানাইটের দেয়ালের মতো শক্ত সম্পর্কই দেখতে পায়।’
ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, ‘আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি সরকার পারমাণবিক অস্ত্রের মালিক হোক, যা দিয়ে তারা আমেরিকানদের, বিশ্বশান্তি এবং ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।’
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য এক। তার ভাষায়, ‘এই লক্ষ্য অর্জিত হবেই— হোক তা কূটনৈতিক উপায়ে কিংবা অন্য কোনও উপায়ে।’
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এ পর্যন্ত আটবার হোয়াইট হাউস সফর করেছেন নেতানিয়াহু। যা অন্য যেকোনও বিদেশি নেতার তুলনায় বেশি।
কালের সমাজ/এসআর

