বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি আসন্ন ব্রিকস (BRICS) সম্মেলনেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি, আঞ্চলিক জোট বিমসটেকের (BIMSTEC) বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠককে ‘অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধানদের এতে আমন্ত্রণ জানানো হয়।
এর প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ওই অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।
কালের সমাজ/ওজি

