ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
যুক্তরাজ্যকে ট্রাম্প

পরে আসা লোকদের আমাদের দরকার নেই

কালের সমাজ ডেস্ক | মার্চ ৮, ২০২৬, ১২:৩৫ পিএম পরে আসা লোকদের আমাদের দরকার নেই

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শুরুতে সমর্থন না দেওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছে। তবে এখন আর সেই সহায়তার প্রয়োজন নেই।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে যুদ্ধ জিতে ফেলেছি। পরে এসে যুদ্ধে যোগ দেওয়া লোকদের আমাদের দরকার নেই।

এর আগে যুক্তরাজ্য প্রথমে আপত্তি জানালেও পরে যুক্তরাষ্ট্রকে সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। এর মধ্যে রয়েছে গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড ঘাঁটি এবং ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ও শনিবার চারটি মার্কিন বোমারু বিমান ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অবতরণ করেছে। সেখান থেকেই ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সামরিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য তাদের বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস মোতায়েনের প্রস্তুতিও বাড়িয়েছে।

তবে স্টারমারের লেবার পার্টির অনেক সদস্য ইরান যুদ্ধে সরাসরি সামরিক জড়িত হওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ‘বিশেষ সম্পর্ক’ বজায় রাখার বদলে সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও পরোক্ষভাবে যুক্তরাজ্যসহ কয়েকটি মিত্র দেশের সমালোচনা করেছেন।

কালের সমাজ/এসআর

Link copied!