দেশে কর্মসংস্থান বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোট ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ( ১৫ এপ্রিল)জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি বলেন, এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সরকার শুধু নিয়োগেই সীমাবদ্ধ থাকছে না; সমন্বিত উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে—প্রতিটি ইউনিয়নে ৮ বিঘা এবং উপজেলায় ১০ বিঘা জমিতে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনায় উদ্যোগ, দেশে পেপাল চালুর সম্ভাবনা যাচাইয়ে কমিটি গঠন ।
এছাড়া ক্রীড়াক্ষেত্রে প্রণোদনা হিসেবে জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু করা হয়েছে। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনা হয়েছে, ভবিষ্যতে তা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের জন্যও ঋণ সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে, বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়া সহজ করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপগুলোকে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কালের সমাজ/কে.পি

