ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | মে ১৯, ২০২৬, ০৯:২১ পিএম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। এ সময় আনসার-ভিডিপি বাহিনীর সব পর্যায়ের সদস্যদের শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর ৬৭০ শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্যরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন।

তারেক রহমান বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার” এই দর্শনকে সামনে রেখে আনসার-ভিডিপি দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত নিরাপত্তা ও উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, দুর্যোগ মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া শিল্প-কারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

যুবসমাজকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টিতে এই বাহিনী কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমে উজ্জীবিত আনসার-ভিডিপির ৬০ লাখ সদস্য বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অবদান রাখবেন।


কালের সমাজ/কে.পি
 

Link copied!