ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার

কালের সমাজ ডেস্ক | মে ১৯, ২০২৬, ০৯:৩৭ পিএম যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা সফল করতে আরও সময় প্রয়োজন বলে মন্তব্য করেছে কাতার। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এ আলোচনাকে ইতিবাচক হিসেবেও দেখছে দোহা।

মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনতে এবং সমাধান খুঁজে বের করতে পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। কাতার এই উদ্যোগকে সমর্থন করে এবং মনে করে, আলোচনার প্রক্রিয়াকে আরও সময় দেওয়া প্রয়োজন।

এর আগে সোমবার (১৮ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়।

ট্রাম্প দাবি করেন, ইরান তার প্রস্তাবিত চুক্তির খসড়া প্রত্যাখ্যান করায় তিনি নতুন হামলার প্রস্তুতি নিয়েছিলেন। তবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।

কাতারের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যেন কোনো উত্তেজনা বৃদ্ধির প্রধান ভুক্তভোগী না হন, সেটিই তাদের প্রধান উদ্বেগ। তবে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে আশাবাদী কি না, সে বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। যদিও ওই কর্মকর্তা বলেছেন, তেহরানের নতুন প্রস্তাবে আগের অবস্থানের তুলনায় খুব বেশি অগ্রগতি দেখা যায়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা চায়। তা সম্ভব না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

 

কালের সমাজ/কে.পি

 

Link copied!