পুরান ঢাকার কামালবাগ এলাকায় পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত ৩২ বছর বয়সি মোহাম্মদ সাইফুল কারখানাতেই থাকতেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। বাবার নাম সুলতান হাওলাদার।
তাকে হাসপাতালে আনা খোকন বলেন, রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় ওই মেশিন পুরাটাই কারেন্ট হয়ে যায়। পরে ওই মেশিন স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সাইফুল।
পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে এখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিদ্যুৎস্পর্শে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কালের সমাজ /এএইচ বি

