সকাল থেকেই টানা বৃষ্টি চলছে রাজধানীসহ দেশজুড়ে। আর এতেই স্থবির হয়ে পড়েছে ঢাকা। রাতভর এবং সকালজুড়ে ভারী বৃষ্টিতে সড়ক, অলিগলি ও বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিভিন্ন এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে একসঙ্গে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টিতে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়া ও কালশীসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।
কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যানবাহনের গতি কমে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফুটপাত তলিয়ে যাওয়ায় পথচারীদের অনেকেই বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করেন।
জলাবদ্ধতার কারণে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ির চলাচলও ব্যাহত হয়। চলন্ত যানবাহনের ঢেউয়ে অনেক পথচারী ভিজে যান। বিভিন্ন আবাসিক এলাকার সরু গলি থেকে প্রধান সড়কে বের হওয়াও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।
তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করেছে। সচিবালয় ও মতিঝিল স্টেশনে কর্মজীবী মানুষের বাড়তি ভিড় দেখা গেছে। অন্যদিকে সড়কে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলের সংখ্যা ছিল তুলনামূলক কম। গণপরিবহনে ছিল অতিরিক্ত যাত্রীচাপ।
কালের সমাজ/এসআর

