সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন। এ সময় তারা ইংল্যান্ডকে লক্ষ্য করে একটি জনপ্রিয় স্লোগানধর্মী গান গেয়ে উল্লাস করেন। গানটির মূল লাইন ছিল- ‘যে লাফায় না, সে ইংলিশ।’ প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের।
আর্জেন্টিনার জাতীয় দল ও দেশটির বিভিন্ন ক্লাবের সমর্থকদের মধ্যে এই গানটি দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। প্রতিটি ম্যাচেই সমর্থকরা এটি গেয়ে থাকেন। তবে এবার কানসাস সিটির ম্যাচের পর গানটির আলাদা গুরুত্ব পেয়েছে, কারণ সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
মাঠে শুধু একটি গান নয়, আর্জেন্টিনার খেলোয়াড়রা আরও দুটি জনপ্রিয় গান গেয়ে উদযাপন করেন। ২০২২ সালের বিশ্বকাপ অভিযানের সময় জনপ্রিয় হওয়া ‘পা লা সেলেসাও’ এবং ‘কুয়ার্তা এসতেরেল্লা’ গেয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি বুধবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। খেলা হবে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য মোটেও সহজ ছিল না। ম্যাচের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে দান এনডয়ের গোলে সমতা ফেরায় সুইজারল্যান্ড, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। একজন বেশি খেলোয়াড়ের সুবিধা কাজে লাগিয়ে আর্জেন্টিনা জয় নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ দুটি গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন।
কালের সমাজ/এসআর

